কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাত দলের হামলায় এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দ্য রিপোর্টের কুষ্টিয়া প্রতিনিধি ফারুক আহমেদ পিনুসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে ভেড়ামারার জুনিয়াদহ আঞ্চলিক সড়কের বাকাপোল নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করেছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনু (৪৮), তার খালাতো ভাই মনোয়ার হোসেন (৫০) ও প্রতিবেশী মনিরুল ইসলাম (৪০) অসুস্থ পিতাকে দেখতে ভেড়ামারা শহর থেকে মোটরসাইকেল করে গ্রামের বাড়ী গোলাপনগরের উদ্দেশে রওয়ানা হন।
তারা বাকাপোল নামক স্থানে পৌঁছলে আগে থেকেই রাস্তায় বাধা তারে জড়িয়ে ছিটকে পড়েন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের রেললাইনের ওপর নিয়ে হাত-পা ও মুখ বেধে বেধড়ক পেটাতে থাকে। এতে মারাত্মক আহত হন ফারুক ও মনিরুল ইসলাম।
এক পর্যায়ে ডাকাতরা মনিরুলের টারবো নামের একটি মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি লুট করে ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাতরা চলে গেলেও হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকেন ওই তিনজন।
ঘটনার তিন ঘণ্টা পর রাত ১২ টার দিকে হামাগুড়ি দিয়ে আবারও আঞ্চলিক সড়কে পৌঁছান তারা। এ সময় ওই সড়কে ভেড়ামারা পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসা শেষে রাত দেড়টার দিকে আহতদের নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। রাতেই কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, 'রাতেই পুলিশ কাজ শুরু করেছে। আমরা আশা করছি, হামলাকারীদের গ্রেফতার করতে সক্ষম হবো।'
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, আমার মনে হয় এটা ছিনতাইয়ের ঘটনা। সাংবাদিক পরিচয় পাওয়ায় ডাকাতরা তাকে বেশি মারধর করেছে। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





