রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় হঠাৎ করেই চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। আর এতে করে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
আজ শুক্রবার ভোর থেকে সূত্রাপুরের প্রতাপ দাস লেন, শিংতুলা, রুপচাঁন দাস লেন, ডালপট্টি ও কাগজীটুলাসহ আরও কয়েকটি এলাকায় গ্যাস একেবারেই বন্ধ।
জানা গেছে, ছুটির দিনে ওই এলাকার অধিকাংশ বাসিন্দাই বাসা থাকে। বাসা-বাড়িতে আসে আত্মীয়-স্বজনসহ অন্যান্য মেহমান। কিন্তু গ্যাস না থাকায় তারা আজ চরম দুর্ভোগে পড়েছে। গ্যাস না থাকায় মানুষ রান্না-বান্না করতে পারছে। আর রান্না করতে না পারায় দেখা দিয়েছে তীব্র খাবার সংকট।
সূত্রাপুরের প্রতাপ দাস লেনের শিংতুলা এলাকার এক বাসিন্দা আফরুজা অভিযোগ করে বলেন, আমাদের এলাকায় এখন প্রায় দিনই গ্যাস সমস্যা হয়। আর আজ চরম সংকট দেখা দিয়েছে। ভোর থেকে গ্যাস নেই। চুলা জালানো যাচ্ছে না। রান্না করতে না পারায় খাবারেরও সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে হোটেলগুলোতেও আজ খাবার পাওয়া যাচ্ছে না।
সূত্রাপুরের রুপচাঁনদাস লেনের ডালপট্টি এলাকার বাসিন্দা পারভীন সুলতানা দুপুর সোয়া ২ টার দিকে বলেন, আমরা এখন চিড়া নিয়ে খেতে বসছি। গ্যাস না থাকায় ভাত রান্না করা যাচ্ছে না। পুরো এলাকায় এখন খাবারের জন্য হাহাকার চলছে।
তিনি বলেন, আমাদের এসব দেখার কেউ নেই। সম্ভব হলে বিষয়টি উপরের কাউকে জানান। আমরা না খেয়ে মারা যাচ্ছি।
এআইজে





