কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে ইয়াবা ব্যবাসায়ীদের নেতৃত্বে ৬ সাংবাদিককে কুপানোর ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ্য করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদি হয়ে রোববার টেকনাফ থানায় দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করেন।

মামলায় টেকনাফের নাজিরপাড়ার এলাকার এজাহার মিয়ার পুত্র স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনী প্রধান নুরুল হক ভূট্টোকে প্রধান আসামী করা হয়েছে। এতে ১৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে ৫ জনকে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) কবির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে টেকনাফের নাজির পাড়া এলাকায় ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভূট্টোর নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা। এ ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সারা দেশে আন্দোলন শুরু করেছে সাংবাদিকরা।

ওএফ