ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব নামফলক- চিহ্নফলক বাংলায় লেখার আহ্বান জানিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

একুশের প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

ডিএসসিসির মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এরইমধ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি যে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সকল সরকারি-বেসরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না।

মেয়র তাপস আরও বলেন, এই গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজকে আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলেছে। এই জন্যে আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার সকল নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক এবং সেটা যদি ইংরেজি শব্দ হয় পাশাপাশি সেটা ইংরেজি বর্ণ দ্বারা লেখা যেতে পারে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি