বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে নিত শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র উজ্জল কুমার, একই বিভাগের পলাশ খান ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের অভিজিৎ রায়। পুলিশ এসময় স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আরেক সাংবাদিককে মারধর করে।

জানা গেছে, সোমবার থেকে সম্মান চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ২৬ জুন পর্যন্ত ফরম পূরণের নির্ধারিত সময় বেঁধে দেয় কলেজ কর্তৃপক্ষ। এ বছর ফরম পূরণের জন্য সাড়ে চার হাজার টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যা গত বছরের চেয়ে ১ হাজার থেকে ১২শ’টাকা বেশি। বর্ধিত টাকা কমানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে। এসময় কোতয়ালী থানা পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। শিক্ষার্থীরাও  পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের জন্য যে টাকা নির্ধারণ করা হয়েছে। তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা অযৌক্তিভাবে আন্দোলন করছে। তবে বিষয়টি সমাধানের জন্য আলোচনা হচ্ছে বলেও জানান অধ্যক্ষ।

কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা দুই ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। তাদের বারবার  সড়ক অবরোধ তুলে নিতে বলা হলেও তারা সড়ক থেকে সরেনি। এসময় পুলিশের ওপর হামলা করলে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়া এবং অপর এক সংবাদ কর্মীকে মারধর করার বিষয়ে ওসি বলেন, ওই সংবাদকর্মী নিজেকে ছাত্র পরিচয় দিয়ে ছবি তুলছিলেন। তাই তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়া হলেও পরে তা ফেরত দেওয়া হয়েছে।