বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দেশব্যাপী পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ করেছে হরতালকারী ও হরতাল প্রতিহতকারীরা।
সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে হরতালের পক্ষে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করে। অন্যদিকে হরতাল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ ও এর সহাযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সামাবেশ করে।
নাটোর: হরতালের পক্ষে নাটোর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। সোমবার সকালে শহরের চকবৈদ্যনাথ রেলগেট থেকে নেতাকর্মীরা মিছিলটি নিয়ে রেল স্টেশন বাজার একতা মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে।
এদিকে হরতালে নাটোর-ঢাকা মহাসড়কে ঝটিকা মিছিল শেষে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে জামায়াত-শিবির। সোমবার সকালে জামায়াতের নাটোর শহর শাখার ব্যানারে শহরের চকরামপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল বের করে।পরে পুলিশ এসে মহাসড়ক থেকে টায়ার সরিয়ে দেয়।
অপরদিকে হরতাল বিরোধী বিক্ষোভ-সমাবেশ করেছে নাটোর জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির নেতৃত্বে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
ময়মনসিংহ: হরতালের সমর্থনে জেলার নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেছে হরতালকারীরা।
সোমবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিএনপি, শামীম আজাদের নেতৃত্বে যুবদল, রোকনুজ্জামান রোকন ও সোজা-উদ-দৌলার নেতৃত্বে ছাত্রদল ও রফিকুল আলম শামীমের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল পৃথক পৃথক মিছিল বের করে। কিন্তু পুলিশি বাধায় তা একশ গজের মধ্যে সীমাবদ্ধ থাকে।
পাবনা: এদিকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২ টায় পৃথক পৃথক কয়েকটি হরতাল বিরোধী মিছিল বের করে তারা। জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নেতাকর্মীরা শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
ফেনী: ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ফেনীতে। এ সময় হরতালকারীরা বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এর আগে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
কুমিল্লা: এদিকে হরতাল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে মিছিল করেছে কুমিল্লা জেলা আওয়ামী লীগ।
সোমবার দুপুরে হরতাল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন মিছিল বের করে। কুমিল্লা-৬ আসনের সংসদসদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারের পক্ষে নগরীর কান্দির পাড় থেকে পৃথক পৃথক মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
কুড়িগ্রাম: হরতালের পক্ষে মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে শহরের দাদা মোড় থেকে হরতালকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘোষ পাড়ায় এলে পুলিশ বাধা দেয়। পরে ঘোষপাড়ায় সমাবেশ করে তারা।
অন্যদিকে হরতাল প্রত্যাখ্যান করে কুড়িগ্রামে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য মো. জাফর আলীর নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এক সমাবেশ করে।
ব্রাহ্মণবাড়িয়া: এদিকে হরতালের পক্ষে মিছিল ও পিকেটিং করেছে সকাল থেকে জেলার ৪টি বাসস্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন ব্রাহ্মমণবাড়িয়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকেই তারা জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড, কালিবাড়ি মোড়, কাউতলী, সরকারি কলেজের সামনে, মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিং করে।
টাঙ্গাইল: হরতালের সমর্থনে মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকালে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে নিরালা মোড়ে এসে সমাবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
লক্ষ্মীপুর: এদিকে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলা উদ্দিনের নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী এলাকায় একটি হরতাল বিরোধী মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উত্তর তেমুহনী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
জেআই





