রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যার পরে মোদি বঙ্গভবনে গেলে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। সেখানে তাঁরা বৈঠক করেন।
বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাতেই দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে দু’দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও খেলাধুলাসহ ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেকার দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারকগুলো হলো- দুর্যোগ ব্যবস্থাপনা, রেজিলেন্স এবং প্রশমন বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং ন্যাশনাল ক্যাডেট কোর অব ইন্ডিয়া (আইএনসিসি) মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক, বাণিজ্য নিয়ে একটি সহযোগিতা ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক, বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিজিএসটি) সেন্টারের জন্য তথ্যপ্রযুক্তি পণ্য, কোর্সওয়ার অ্যান্ড রেফারেন্স বুক সরবরাহ এবং প্রশিক্ষণ বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং রাজশাহী কলেজ মাঠ এবং আশপাশের এলাকায় স্পোর্টস সুবিধা প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ধর্মীয় রীতি অনুযায়ী পূজা দেন। পরে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। বেলা ১১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওড়াকান্দিতে যান নরেন্দ্র মোদি। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করেন। পরে তিনি মতুয়া সম্প্রদায়ের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। বিকেলে সেখান থেকে ঢাকায় ফেরেন ভারতের প্রধানমন্ত্রী।
এমবি





