রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আজ (০৫ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সেনভাগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ব্যাটারীচালিত রিকশাভ্যান চালক শহীদুল ইসলাম (৪২) ও আরোহী প্রতিবেশী রসুন বিক্রেতা আব্দুস সামাদ (৫০)।
আহতরা হলেন- একই গ্রামের মোজাম্মেল হোসেন ও আবুল কালাম। তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহীর পবা হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, ভোরে ব্যাটারি চালিত একটি ভ্যানে করে সুলতানপুর গ্রামের লোকজন রসুন নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া হাটে আসছিলেন। পথে সেনভাগ এলাকায় ভ্যানটি উল্টে যায়। এসময় ট্রাকটি ওই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুইজন নিহত হন। এতে আহত হন আরও দুইজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এমবি





