রাজশাহীর চারঘাট পৌর জামায়াতের সেক্রেটারিসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

রাজশাহীর চারঘাট মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তজা জানান, উপজেলা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা হিসেবে চারঘাট পৌর জামায়াতের সেক্রেটারি হাফিজুল হককে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি সারদা থানাপাড়া এলাকায়।

তিনি আরও জানান, হাফিজুলকে উপজেলার হেমন্তর মোড়ে ট্রাকে আগুন দিয়ে ট্রাক চালক ও সহকারীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, নাশকতা এবং অর্থ সহায়তার মামলায় দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, হরতালে নাশকতা রোধে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

কেএইচ