বাগেরহাটে শ্যালা নদীর মৃগামারি এলাকায় তেলবাহী ট্যাঙ্কার ডুবে গেছে। এ ঘটনায় ট্যাঙ্কারের মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার ভোর ৪ টার দিকে তেলবাহী  ট্যাঙ্কারটির তলা ফেটে গেলে এ দূর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়লে বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন ও ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য চরম হুঁমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে বনবিভাগ।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, শ্যালা নদীর মৃগামারী এলাকায় ভোরে নোঙ্গর করে থাকা তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেনকে ধাক্কা দেয় পাশ দিয়ে যাওয়া অপর একটি তেলবাহী জাহাজ। এ সময়ে তলা ফেটে তেলবাহী  জাহাজ ওটি  সাউদার্ন স্টার সেভেন ঘটনাস্থলে ডুবে যায়।

এতে জাহাজের মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ হন। ওই ট্যাংকারে থাকা বাকি সদস্যরা সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়। মেসার্স হারুন এন্ড কোং এর মালিকানাধীন এই তেলবাহী  জাহাজটি গোপালগঞ্জের একটি পাওয়ার প্লান্টের জ্বালানি তেল নিয়ে সুন্দরবনের শ্যালা নদীতে যাত্রাবিরতি করে। তবে এই কার্গো জাহাজ উদ্ধার ও নিখোঁজদের উদ্ধারে সকাল ১০ টা থেকে স্থানীয় ডুবুরিদল, কোস্টগার্ড ও বনবিভাগ অভিযান শুরু করেছে।

 

 

ইআর