চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ দুইজন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
সংঘর্ষের কারণে বিজয় এক্সপ্রেস নামের ওই ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে সকাল ৬টা ৪০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস এবং ৭টায় মহানগর প্রভাতী ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেন দুটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না। বগিগুলো উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এমকে





