শিশু শাহাদত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্র্বতীকালীন জামিনের মেয়াদ ষষ্ঠ দফায় বাড়িয়েছেন আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউসুব এ আদেশ দেন।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি একই আদালতের বিচারক মো. মনিরুজ্জামান শিকদার ৭ মার্চ পর্যন্ত পঞ্চম দফায় অন্তর্র্বতীকালীন জামিনের সময় বাড়িয়েছিলেন। এ নিয়ে এমপি লিটনের অন্তর্র্বতীকালীন জামিনের মেয়াদ ষষ্ঠবারের মতো বাড়ল।

গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর মো. এনামুল হক জানান, ৭ মার্চ পর্যন্ত এমপি লিটন অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে সশরীরে হাজির হয়ে ফের স্থায়ী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ এপ্রিল পর্যন্ত জামিনের সময় বাড়ান।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, স্থায়ী জামিন চেয়ে আমলী আদালতে (সুন্দরগঞ্জ) ষষ্ঠ দফায় আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে ১০ এপ্রিল পর্যন্ত জামিনের সময় বাড়িয়েছেন।

এমবি