ভোলায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। আহত তুহিন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল সমাচার ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার রাতে ভোলা সদরের বাসষ্ট্যান্ড সংলগ্ম পৌর সভার গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে তার সহকর্মীরা ও পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিক তুহিন জানান, সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ব্যাপারী বাজার থেকে বাসষ্ট্যান্ড আসার সময় পৌর সভার গেট সংলগ্ম এলাকায় আসলে পূর্বপরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের সামনে অন্য দুটি মোটর সাইকেল দিয়ে গতি রোধ করে।
এসময় তিনি কিছু বুঝে উঠার আগে মাহমুদুল হাসানের নেতৃত্বে বিল্লাল নাফিজ, আজাদ সহ ৫/৬জন সন্ত্রাসী তাকে রাস্তার উপর এলোপাথাড়ি মারপিট করে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সাথে থাকা ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এব্যাপারে ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিক তুহিনকে উদ্ধার করে। এঘটনায় সাংবাদিক তুহিন বাদী হয়ে ৪ জনকে চিহ্নিত ও আরো কয়েক জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৭ বলে জানান তিনি।
শাহীন/নাজিব





