রামু উপজেলা পরিষদের উপ-নির্বাচনে জালিয়াতি, ভোট কেন্দ্র দখল এবং ভোটারদের কেন্দ্রে যেতে না দেওয়ার অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করেছে এর প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালন করছে বিএনপি।

বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমেদ চৌধুরী মাহিন অভিযোগ করেন, ‘রবিবার সকালে নির্বাচন শুরুর পরপরই সরকার সমর্থিত প্রার্থীর সমর্থকরা উপজেলার ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, কাউয়ারখোপ, কচ্ছপিয়া, চাকমারকুল, দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল ইউনিয়নের প্রায় ২৫ টি কেন্দ্র দখল করে জালভোট দিতে শুরু করে। এ সব কেন্দ্রে বিএনপি সমর্থিত নেতাকর্মী ও ভোটারদের যেতে বাধাও দেওয়া হয়।’

তিনি জানান, এ সব অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। এ ছাড়া প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রামুতে হরতাল ডেকেছে কক্সবাজার জেলা বিএনপি।

নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয় হন রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম (মোটরসাইকেল)।

তিনি পান ৪০ হাজার ১২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেরাজ আহমেদ মাহিন চৌধুরী (আনারস) ৩৪ হাজার ৮৩২ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মো. হাসান (ঘোড়া) ১৫ হাজার ১১৭ ভোট পেয়েছেন।

ইআর