ছাত্র রাজনীতির বলি দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিল্টনের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। কষ্টে গড়া সংসারে আলোর দিশারী হয়ে থাকবে যে সন্তান, সেই সন্তানের নিথর দেহ সব স্বপ্ন চুরমার করেছে। বোনের ভাই হারানোর বেদনা আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের মধ্যবিত্ত কৃষক মাহবুবর রহমানের ছেলে মাহমুদুল হাসান মিল্টন। ছোট বেলা থেকেই ছাত্র ভালো হওয়ায় পরিবারের সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখতেন। এমনিতেই কৃষকের সন্তান তাই মায়ের সাধ পুরনে ভর্তি হয়েছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পড়তেন ভেটেরিনারি অনুষদের মার্স্টাসে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজ অনুষদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্রুপে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে চিরতরে বিদায় নেয় মিল্টন। ভেঙ্গে চুরমার হয়ে মা বাবার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

শুক্রবার সন্ধ্যার আগে তার মরদেহ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরিবারের লোকজনসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তাকে জানাযা শেষে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। মা রেবেকা বেগম প্রায় বাকরুদ্ধ। শুকিয়ে গেছে চোখের পানি। অপরাজনীতির বলি সন্তান শোকে নিস্তব্ধ; নির্বিকার মা। শিক্ষাঙ্গনে অপ-রাজনীতি বন্ধ করে পদের লড়াইয়ে আর যেন কোন মায়ের বুক খালি না হয়, বাবার কাঁধে যেন না ওঠে প্রিয়সন্তানের লাশ এমনটাই দাবি এলাকার মানুষের।

জেআই