নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মো. তোফাজ্জল হোসেন (৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। পৌরসভার কলচমা গ্রামের মন্দার বাড়ির সামনের ডোবা থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
তোফাজ্জল ওই এলাকার খলিফা বাড়ির আবদুর রশিদের ছেলে।
নিহতের ছেলে সাদ্দাম হোসেন জানান, তাদের বাড়ির চৌধুরী মিয়া ও তার বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে পাশের ফকির বাড়ির নবী উল্যাহ ও মফিজ উল্যাহ পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে ১৯ মার্চ রাতে তাদের বাড়িতে একটি শালিসী বৈঠকের সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ গিয়ে উভয় পক্ষের লোকজনকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার সময় বাবা নিখোঁজ হন।
তিনি আরও জানান, নিখোঁজের ওই ঘটনায় ২২ মার্চ থানায় একটি জিডি করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবাতে লাশ পাওয়া যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. লিয়াকত হোসেন জানান, পচে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা কচুরিপানার নিচে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।
লাশের সন্ধান পাওয়ার পর ফকির বাড়ীর মফিজ উল্যাহ ও নবী উল্যাহর পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তোফাজ্জল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। দুপুরে তা মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।
জেআই





