মহাজোট সরকারের সাবেক ও বর্তমান ৭ মন্ত্রী এমপির অবৈধ সম্পদের অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান দুর্নীতি দমন কমিশনের(দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

আজ বুধবার দুপুরে দুদক মিডিয়া সেন্টারে আয়োজিত মাসিক প্রেস ব্রিফিংকালে দুদক সচিব এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব আরো বলেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিল করা হলফ নামায় অর্জিত সম্পদের অসংগতির অভিযোগ যাচাই বাছাই শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তাদের দাখিল করা সম্পদ বিবরণীও যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। এই যাচাই বাছাই এবং অনুসন্ধান শেষ না হলে আগাম কিছু বলা যাবে না। তবে অনুসন্ধাণী প্রতিবেদনে সম্পদের অসংগতি পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোচিত দুর্নীতি পরায়ন ও অবৈধ সম্পদের অভিযুক্ত ৭ ব্যক্তিরা হলেন; সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমান এমপি,আবদুর রহমান বদি এমপি,আসলামুল হক এমপি, এনামুল হক এমপি ও এম এ জব্বার এমপি।

ঢাকা,একে, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ