দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলো যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেছিল।

আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু শনিবার বিকালে জানান, পুলিশ প্রশাসনের ইতিবাচক পদক্ষেপ এবং দাবি-দাওয়ার কয়েকটি ইতোমধ্যে বাস্তবায়ন হওয়ায় ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, যশোরের পুলিশ সুপার বৃহস্পতিবার থেকেই নসিমন, করিমন, টেকার, টেম্পু, জেএসএ, মহেন্দ্র ও ইজিবাইক মহাসড়কে চলাচলে বাধা দিচ্ছেন। এছাড়া রোববার জামায়াতের হরতাল। এ অবস্থায় ধর্মঘট করলে সাধারণ মানুষ ভাবতে পারেন, আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছি।

সামনে পূজা এবং এর পরেই ঈদ। ধর্মঘট প্রত্যাহারের পেছনে এসব কথাও ভাবা হয়েছে যোগ করেন শ্রমিক নেতা মিন্টু।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির নেতা আলী আকবর, অসিম কুন্ডু, ইকু চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা মোর্তজা হোসেন, শওকত আলী, রবিন অধিকারীসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

উল্লেখ্য, মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, টেকার, টেম্পু, জেএসএ, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ