মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করার আগে বিকল্প ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। তবে বিকল্প ব্যবস্থার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

এ সময় সংগঠনটির সভাপতি মো. হাসনাইন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পটুসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

তারা বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যতদিন বিকল্প ব্যবস্থা না হয়, ততদিন যেন এ নিষেধাজ্ঞা কার্যকর না করা হয়।

বক্তারা আরও বলেন, বিকল্প ব্যবস্থা না করে সিএনজিচালিত অটোরিকশা ও ধীরগতির যানবাহন বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে হাজার হাজার লোক বেকার হয়ে পড়ছে। তাদের সঙ্গে জড়িত পরিবারের সদস্যদের অনাহারে থাকতে হবে।

সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা একে ‘শিল্প’ উল্লেখ করে বলেন, এ শিল্পকে বাঁচাতে অবিলম্বে বিকল্প ব্যবস্থা চালু জরুরি। না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।

এএইচ