সিরাজগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বেলা পৌনে ১১ টার দিকে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজা শেষে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, নির্বাহী অফিসার মামুন আল রাজি, থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদ বক্তব্য রাখেন।

জানা যায়, পরে শিমুলের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়ীতে নেওয়া হয়। এরপর কাকিলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা শেষে মাদলা-কাকিলাবাড়ী কবরস্থানে দাফন করা হয় শিমুলের মরদেহ।

এমবি