মো. সুফিউর রহমানকে মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত সুফিউর রহমান মিয়ানমারে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার স্থলাভিষিক্ত হবেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অণু বিভাগের মহাপরিচালক তারিক আহসানকে শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পেশাদার কূটনীতিক সুফিউর রহমান এর আগে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন, নয়াদিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। এ ছাড়া তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল থেকে স্নাতক ডিগ্রিধারী সুফিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে সুফিউর রহমান বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলের বাবা।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ