রাজধানীর ধানমন্ডি লেক থেকে রাতুল (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৪ নং সড়ক সংলগ্ন লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার সবুর জানান, উদ্ধারকৃত কিশোরের নাম রাতুল। তার মায়ের নাম মুক্তা বেগম ও বাবার নাম শামীম মিয়া। রাজধানীর বেড়িবাঁধ এলাকায় তারা থাকেন।

লেক থেকে উদ্ধারের সময় রাতুলের পরনে ছাই রঙের টি-শার্ট ও খাকি থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল। লাশটি প্রায় অর্ধ-গলিত। তিন থেকে চার দিন আগে ওই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে রাতুলের মা মুক্তা বেগম জানান, সে সাঁতার জানতো না। খুব সম্ভবত লেকে গোসল করতে গিয়ে তার মৃত্যু ঘটেছে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমবি