চেতনানাশক দেওয়ার পর ডাঙা থেকে পাশের জলাশয়ে পড়ে গেছে সেই হাতিটি। জামালপুরের সরিষাবাড়ীতে আটকে থাকা হাতিটি আজ বৃহস্পতিবার দূর থেকে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে চেতনানাশক দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি আজ ডাঙায় ছিল। এটিকে উদ্ধারের অংশ হিসেবে বেলা দুইটার দিকে চেতনানাশক দেওয়া হয়। তখন হাতিটি দৌড়ে ড়িয়ে পাশের জলাশয়ে পড়ে। জলাশয়টি উপজেলার কামরাবাদ ইউনিয়নের আবদুস সালামের বাড়ির পূর্ব পাশে। তাৎক্ষণিকভাবে এটিকে সেখান থেকে উদ্ধার করা যায়নি। হাতিটি পানিতে তলিয়ে যাচ্ছিল।

ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে হাতিটি ভেসে আসে। গত ২৮ জুন বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি সরিষাবাড়ী উপজেলায় আসে। তখন থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এমবিএইচ