ট্রেনের ধাক্কায় একটি লেগুনার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

সোমবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি পাগলার রসুলপুর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়।

সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার এক যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নারীসহ আরো চার জনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

মো. শরফুদ্দিন আরো জানান, রেললাইন পার হওয়ার সময় লেগুনের পেছনে সংঘর্ষে লাগলে এই দুর্ঘটনা ঘটে। সেখানে রেলওয়ের কোনো লেবেল ক্রসিং ছিল না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, ট্রেনের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনায় ৪ জনের মরদেহ ঢামেকে এসেছে।

এআর