নাটোরের আবদুলপুর রেল জংশনে ইঞ্জিনসহ একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার বোস বলেন, ঢাকা থেকে দিনাজপুরগামী 'দ্রুতযান এক্সপ্রেস' ট্রেনটি সকালে আবদুলপুর রেলস্টেশনে ঢোকার আগ মুহূর্তে ভুল লাইনে ঢুকে পড়ে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং আবদুলপুর জংশন হওয়ায় এখানে বেশ কয়েকটি বিকল্প লাইন রয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। দুপুরের মধ্যে বগিগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে জানান অশোক কুমার বোস।

ওএফ