কুষ্টিয়ায় পেঁয়াজ, রসুন, মুরগি ও ইলিশের দাম বেড়েছে। অপরদিকে কমেছে চিনি এবং ভোজ্যতেল সয়াবিনের দাম। এছাড়া চাল, ডাল, কাঁচামরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম এক সপ্তাহ ধরে স্থির রয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া শহরের বড়বাজার ঘুরে এমনটিই জানা গেছে।
বড়বাজারের চাল বিক্রেতা কামাল হোসেন জানান, মিনিকেট চাল ৪২-৪৪ টাকা, কাজললতা ৩৮-৪০ টাকা এবং মোটা চাল ৩২-৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তন্নি স্টোর সূত্রে জানা গেছে, ডালের দাম গত সপ্তাহের মতই রয়েছে। মুগডাল ১১০-১২০ টাকা, কলাই ডাল ৮২-৯০ টাকা, মশুর ডাল ৯২-১১০ টাকা ও মটর ডাল ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেছে চিনি এবং ভোজ্যতেল সয়াবিনের দাম। খোলা ভোজ্যতেল কেজি প্রতি ৬ টাকা কমে ৮৮-৯৪ টাকা এবং চিনি কেজি প্রতি ২ টাকা কমে ৪২-৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেনি কাঁচামরিচের দাম।
কাঁচামাল বিক্রেতা আনিসুর রহমান জানান, কেজি প্রতি কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা বেড়ে ৪০ টাকা এবং রসুন ১০ টাকা বেড়ে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আদা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম কেজি প্রতি ২-৫ টাকা বৃদ্ধি পেয়েছে। আলু ২২-২৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুণ ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা ও উস্তে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের দাম কেজি প্রতি ৫০-১০০ টাকা বেড়েছে। ইলিশ ৭৫০-৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া রুই সাইজ ভেদে বিক্রি হচ্ছে ২৪০-৩২০ টাকা কেজি দরে। মুরগির মাংসের দাম গত সপ্তাহ থেকে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং দেশি মুরগি ২৮০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া খাসির মাংস ৪৪০ টাকা এবং গরুর মাংস ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





