কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর এলাকার দক্ষিণ সতানন্দী গ্রামে রেজাউল করিম (৪২) নামে পরিবহন সমিতির এক নেতা খুন হয়েছেন।
শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। রেজাউল মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া গজারিয়া পরিবহনের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
রেজাউল তাঁর মামাতো বোনকে বিয়ে করার পর থেকে সতানন্দী গ্রামে তার শ্বশুরবাড়িতেই থাকতেন বলে জানা গেছে।
নিহত রেজাউলের স্ত্রী আলো আক্তার জানান, রেজাউল রাত ১২টার পর ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। ভোরে ঘরের দরজা খোলার পর উঠানে তাঁর লাশ দেখা যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, নিহত ব্যক্তির গলায় ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, দুষ্কৃতিকারীরা অন্য কোথাও হত্যা করে তাঁকে বসতঘরের সামনে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এসএইচ





