কুমিল্লার চান্দিনায় জামাল হোসেন (৩০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার তিনদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে হারং পশ্চিমপাড়া এলাকার ফসলি মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত জামাল হোসেন ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি হকারি করে ঝালমুড়ি বিক্রি করতেন।
নিহতের স্ত্রী পারভীন জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে হোসেন ও কামাল নামে দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত জামাল ঘরে না ফেরায় পরদিন সকালে হোসেন ও কামালের বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে তারা কিছু জানে না জানায়। শনিবার সারাদিনও জামালের কোনো খোঁজ না পেয়ে চান্দিনা থানায় জিডি করে তার পরিবার।
পরে সোমবার সকাল সাতটার দিকে হারং গ্রামের এক কৃষক ফসলি মাঠে ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের জানায়। এ সময় জামাল হোসেনের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে জামাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বোন জাহানারা বেগম বলেন, বৃহস্পতিবার আমার বাবা গরু বিক্রি করলে শুক্রবার সকালে আমার বাবার কাছ থেকে ২১ হাজার টাকা নিয়ে যায় আমার ভাই জামাল হোসেন। ওই টাকার জন্যই তারা আমার ভাইকে মেরে ফেলে।
পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন ও কামাল হোসেন নামে দুইজনকে আটক করেছে। তারা যথাক্রমে ওই গ্রামের আব্দুল মতিন ও আব্দুর রবের ছেলে।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেড





