দুই দল শ্রমিকের সংঘর্ষ থামাতে গিয়ে মারা যান সিলেট ওসমানী নগর থানার ওসি মোস্তাফিজুর রহমান। তার মৃত্যুতে তার কুমিল্লা মহানগরীর মোগলটুলিস্থ বাসায় চলছে শোকের মাতম।
আজ বৃহস্পতিবার রাতে নিহতের লাশ কুমিল্লার বাসায় নিয়ে আসার কথা জানিয়েছেন নিহতের ভাইয়ের ছেলে মাকসুদ জুলিয়াস জ্যোতি।
তিনি মোগলটুলি এলাকার মৃত নোয়াব আলীর ছোট ছেলে।
তিনি স্ত্রী মাসুমা খাতুন, যমজ মেয়ে মাইশা বিনতে মোস্তাফিজ এবং রাইসা বিনতে মোস্তাফিজ নামের দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মেয়ে দুটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, মোস্তাফিজুর রহমানের বড় ভাই মৃত মাকসুদুর রহমান মিন্টু নাট্যকর্মী ছিলেন। তার দুই বোন দেলোয়ারা বেগম এবং নীলুফার বেগম মোগলটুলিতে বাড়ি তৈরি করে থাকছেন।
উল্লেখ্য, সিলেটের গোয়ালা বাজারে বুধবার সকাল ১০টার দিকে শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি মোস্তাফিজ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
ইআর





