চট্টগ্রাম মহানগরী পুলিশ কমিশনারের পর এবার পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

শনিবার চট্টগ্রাম আদালত ভবন পরিচ্ছন্ন করার মাধ্যমে শুরু হবে তিনদিন ব্যাপী এ অভিযান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ যৌথভাবে এ অভিযান পরিচালনা করবেন।

 অভিযান সফল করতে শুক্রবার দুপুরে মেয়র গলিতে মহিউদ্দিন চৌধুরীর নিজ বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, চারপাশকে পরিচ্ছন্ন রাখতে সকলের সক্রিয় ভূমিকা রাখা উচিত।

সভায় অন্যান্যের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেআই