বিশ্বের সংসদীয় গণতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলন আনুষ্ঠানিকভাবে রোববার থেকে শুরু হচ্ছে।সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সম্মেলনের উদ্বোধন করবেন সিপিএ'র ভাইস প্যাট্রন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
'কনটিনিউনিং টু এনহান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ানস'- এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনে ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
রোহিঙ্গা ইস্যুটি সামনে আনতে সম্মেলন উদ্বোধনের পর পরই বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত রোহিঙ্গা সঙ্কট ও সমাধানের উপায় নিয়ে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলী বক্তব্য উত্থাপন করবেন।এর মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে।
এ ছাড়াও সিপিএ'র নির্বাহী কমিটির ৮টি সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে যে কেউ বিষয়টি উত্থাপন করতে পারেন বলে একাধিকবার জানিয়েছেন সিপিএ চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।গত ১ নভেম্বর সিপিএ'র স্মল ব্রাঞ্চের কার্যক্রমের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্মল ব্রাঞ্চের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ২, ৩ ও ৪ নভেম্বর হোটেল রেডিসনে সিপিএ'র বিভিন্ন অঞ্চল, কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস, স্কুল ব্রাঞ্চস নির্বাহী কমিটিসহ বিভিন্ন কমিটির অভ্যন্তরীণ ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের সাধারণ সভা, গ্রুপ মিটিং ও ৮টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলনেই পার্লামেন্টারি ফোরামের নতুন চেয়ারপারসন নির্বাচন হবে। বর্তমানে এর চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সম্মেলন উপলক্ষে ব্রিটেনের রানী এলিজাবেথ বাণী দিয়েছেন। সে বাণী পাঠ করে শোনাবেন সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।উল্লেখ্য, পদাধিকারবলে সিপিএর চিফ প্যাট্রন রানী এলিজাবেথ ও ভাইস প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে এ সংগঠনের সদস্যপদ লাভ করে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ আইল্যান্ড ও মেডিটেরিয়ান, কানাডা, ক্যারিবিয়ান আমেরিকাস ও আটলান্টিক, ভারত, প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব এশিয়া -এই আটটি অঞ্চল নিয়ে সিপিএ গঠিত।
এমএ





