গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজ হওয়ার ৭ দিন পর গোলাম মিয়া (৩৯) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কোচখালীর ব্রহ্মপুত্র তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গোলাম মিয়ার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচরের চরসিধাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গোলাম মিয়া গাইবান্ধা শহরের ফেন্ডশিপ নামে একটি এনজিও অফিসের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের খাঁপাড়া ফেন্ডশিপ কার্যালয় থেকে বেতন নিয়ে মোল্লারচরের বাড়ি ফিরছিলেন গোলাম মিয়া। পথে চরসিধাই পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপরহণ করে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ওই দিনই সদর থানায় একটি জিডি করে তার পরিবার।
ফুলছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) কর্মকর্তা মশিউর রহমান জানান, গোলাম মিয়ার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





