রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকার একটি বাসায় প্রাক্তন জেলা প্রশাসককে (ডিসি) অজ্ঞান করে স্বর্ণের চেইন ও ৩০ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক কবিরাজ।
রোববার দুপুরে গোপীবাগের কাজিরপার এলাকার ২৯/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই জেলা প্রশাসকের নাম আব্দুল খালেক। তিনি নারায়ণগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক ছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আব্দুল খালেক ছেলে আশরাফুল ইসলাম জানান, তার বাবার শ্বেতি রোগ ছিল। রোগ সারাতে তিনি কবিরাজের শরণাপন্ন হন।
রোববার দুপুরে ওই কবিরাজকে বাসায় ডেকে নিয়ে আসেন। কবিরাজ ওষুধ খাওয়ালে তার বাবা অজ্ঞান হয়ে পড়েন।
আশরাফুল আরো জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। বারবার ফোন করে না পেয়ে বাসায় ফিরে দেখেন তার বাবা অজ্ঞান অবস্থায মেঝেতে পড়ে আছেন।
ওই কবিরাজ স্বর্ণের চেইন ও ৩০ হাজার নিয়ে পালিয়ে গেছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, তার বাবা খুবই শৌখিন প্রকৃতি। গলায় সব সময় স্বর্ণের চেইন পড়ে থাকতেন।
এমকে





