শ্রমিক হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ডিপোর তেল সরবরাহ ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্হগিত করা হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত ডিপোগুলো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর ও টাঙ্গাইলে জ্বালানি তেল সরবরাহ আবার শুরু হয়েছে।
রংপুরে দুই শ্রমিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দিয়েছিল উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন শনিবার সকালে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।
এই সংগঠনের সভাপতি হাজী শাহজাহান সিরাজ রোববার সকালে বলেন, “শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর ধর্মঘট স্থগিত করা হয়েছে।”
তবে চালক ও সহকারী খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া চাল উদ্ধার না হলে আগামী শনিবার থেকে আবারও ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
যমুনা অয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপোর ম্যানেজার আব্দুল মজিদ খান জানান, শ্রমিক ধর্মঘট স্থগিতের পর রোববার সকাল ৯টা থেকে বাঘাবাড়ির ৩টি ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ টাঙ্গাইল ও জামালপুরে সকল প্রকার জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে।
২১ মার্চ দিনাজপুর থেকে পাবনার নগরবাড়িতে আসার পথে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য ট্রাকচালক কোরাইশ খান ও তার সহকারী রমজান সর্দারকে হত্যা করে ট্রাকে থাকা ৭২০ বস্তা চাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা হলেও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার বা লুট হওয়া চাল উদ্ধার করতে পারেনি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার বিষয়টি ইতোমধ্যেই রংপুরের জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে।
আগামী সাত দিনের মধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
এইচ ই





