কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সংবাদ সংগ্রহ করতে যাওয়া ছয় সাংবাদিকের ওপর হামলার মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. জালাল (৩০) নাজিরপাড়ার নুরুল আলমের ছেলে।  তিনি শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী নুরুল হক ভূট্টোর ভাগ্নে।

শনিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকের ওপর হামলা মামলার ৮ নম্বর আসামি জালালকে গ্রেফতার করা হয়েছে।  তাকে আজ আদালতে পাঠানো হবে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।  অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ১৩ মে নাজিরপাড়ায় ইয়াবা পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টো বাহিনীর হামলায় ছয় সাংবাদিক আহত হন। এসময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাংচুর, ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।  এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদি হয়ে টেকনাফ থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এমই