হাকিমপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ লাখ মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার ভোর রাত হতে সকাল ১১টা পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিলি চেকপোষ্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা মালামালগুলো উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালগুলো হলো, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ১০০ বোতল, গরু মোটাতাজা করণ প্রাকটিন ট্যাবলেট ৭৪ হাজার পিস, ডেক্য্রিন ট্যাবলেট ৭৬ হাজার পিছ,জিরা ১৪৫ কেজি (প্যাকেট),বাইসাইকেল চারটি, ও ভারতীয় শাড়ি ৩৪ পিস।উদ্ধার হওয়া মালামালগুলোর বিজিবি কর্তৃক নির্ধারিত সিজার মূল্য ৩২ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা।

বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেন্স নায়েক আশরাফের নেতৃত্বে বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল শুক্রবার ভোররাত হতে সকাল পর্যন্ত সীমান্তের মোল্লাবাজার, ফকিরপাড়া ও হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া ভারতীয় মাদকদব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পার্বতীপুরের অবগতি স্বাপেক্ষে জয়পুরহাট ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। এবং অন্যান্য মালামালগুলো সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই