লক্ষ্মীপুর পৌরসভায় নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। আজ (বুধবার) সকাল ৮টা থেকে ১৫টি ওয়ার্ডে ২৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় তা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু তাহের ও বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম লিটনসহ দুইজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মাঠে রয়েছেন।
এ পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ৬৩ হাজার। এ দিকে ভোট শুরু কিছুক্ষণ পরে বেশিরভাগ ভোট কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম লিটনের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।
এছাড়া তার ব্যবহৃত মাইক্রোবাস ও নির্বাচনী চীফ এজেন্টের ব্যবহৃত মাইক্রোবাসটি নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু তাহের।
অপরদিকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মো. সাজ্জাদুল হাসান বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেয়ার অভিযোগ অস্বীকার করে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএম





