বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত স্থল সীমান্ত চুক্তির এবং এর আওতায় স্বাক্ষরিত প্রটোকল অনুসমর্থনের বাস্তবায়ন ও তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের জটিলতা শিগগিরই সমাধান করবেন নরেন্দ্র মোদি সরকার। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে এসে এই বিষয়টি নিশ্চিত করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বুধবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী পত্রিকা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ভুটান সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুষমা স্বরাজ বলেছেন, “আমার বাংলাদেশ সফর অত্যন্ত সফল হবে। কারণ বাংলাদেশ আমাদের নির্ভরযোগ্য প্রতিবেশি।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয়ের উদ্ধৃতি দিয়ে যুগশঙ্খের প্রতিবেদনে বলা হয়েছে, সুষমা স্বরাজ ঢাকা সফরে গিয়ে শেখ হাসিনা সরকারকে জানাবেন- ‘ভারত সরকার শিগগিরই স্থল সীমান্ত চুক্তি সংসদে অনুমোদনের জন্য উদ্যোগ নেবে। এমনকি তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের বিষয়েও ব্যবস্থা নেবে।’

যুগশঙ্খের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোদি সরকার চাইছে-উত্তর-পূর্ব ভারতের যোগাযোগের সুবিধার্থে তিন বিঘার মতো একটি করিডোর। তেঁতুলিয়া করিডোর যদি ঢাকা দিল্লিতে অনুমতি দেয়, তা হলে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহণে সুবিধা হবে। বাংলাদেশের সীমানার মধ্যে চার কিলোমিটার তেঁতুলিয়া করিডোর ভারত অনুমতি পেলে উত্তর-পূর্বাঞ্চলে ২৫ কিলোমিটার কমে যাবে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ঢাকা জলপথে ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহণের অনুমোদন দিয়েছে। অবশিষ্ট উত্তর ভারতের জন্য একই সুবিধা চাইবেন সুষমা।

ঢাকা, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস