নোয়াখালীতে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

আজ সোমবার সকাল ১০ টায় জেলার সোনাপুর-ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম এবং তার ছেলে মোহন। নিহত সিএনজি চালকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ সকালে চৌমুহনী থেকে সেনবাগগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিকে থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও নারী-শিশুসহ ২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেড