ময়মনসিংহের ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

নিহত মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টার (৬৫) উপজেলার মঠবাড়ী ইউনিয়নের খাগাটি গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগের সভাপতি। তিনি স্থানীয় খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে আবদুল মতিন প্রতিদিনের মতো তার বাড়ির পাশে ফিসারিতে রাত্রিযাপনের জন্য বের হন। ফজরের নামাজ পড়তে মসজিদে না আসায় মুসল্লিরা তার ফিসারির ঘরে খোঁজ করেন।

সেখানে তাকে না পেয়ে বাড়িতে খুঁজতে গেলে তার পরিবারের সদস্যরাও আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভোর ৬টার দিকে ফিসারির পানিতে মতিন মাস্টারের গলাকাটা লাশ দেখতে পান তারা।

নিহতের ছেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আমার বাবা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ওসি জাকিউর রহমান জানান, খবর পেয়ে নিহতের ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমঅার