বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতের হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্পে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি-বিএসএফ’র মধ্যে ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে উল্লেখ করে বলা হয়, যে কোনো সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, পিএসসি, ২, ৩ ও ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন)।
অপরদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেন রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি জর্জ মঞ্জুরাম। তাকে সহযোগিতা করেন ২৮, ৪১, ৭৫ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কগণ এবং ব্যাটালিয়ন ও রায়গঞ্জ সেক্টরের স্টাফ অফিসারবৃন্দ।
বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে বিএসএফকে নিরীহ-নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদেরকে গুলি না করতে জোর দাবি জানানোর পাশাপাশি অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি’র নিকট ফেরত দিলে তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
জেআই





