বাগেরহাটের কচুয়ায় সদ্য সমাপ্ত বিশ্বকাপ খেলার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জিয়াউর রহমান (৩২) বলে জানা যায়।
শুক্রবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান উপজেলার টেংরাখালী গ্রামের মান্নান শেখের ছেলে। তিনি পেশায় একজন নছিমন চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রেমিকরা বিশ্বকাপ ফুটবল চলাকালে নিজেদের সমর্থিত দলের বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করেন।
শুক্রবার উপজেলা সদরের জিরোপয়েন্ট থেকে ওই সব পতাকা নামিয়ে ফেলা হচ্ছিলো। এসময় আর্জেন্টিনার পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জিয়াউর। এতে তিনি গুরুতর আহত হন।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আর্জেন্টিনার পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউর গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





