চুয়াডাঙ্গার জীবননগর বাজারের বিশ্ষ্টি ইলেকট্রনিকস ব্যবসায়ী হাজী রমজান আলী(৫০) নিখোঁজ হওয়ার দেড় দিন পর তার লাশ ঢাকা শহরের শের-ই বাংলানগর এলাকা উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্ত শেষে তার লাশ সন্ধ্যায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। নিহত হাজী রমজান আলীর পরিবারের দাবী পৈতৃক সম্পত্তির ভাগাভাগীর জের ধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানান, জীবননগর উপজেলার আলীপুর গ্রামের মৃত হাজী মনির হোসেনের ছেলে হাজী রমজান আলী জীবননগর বাজারের একজন বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী। তিনি গত শুক্রবার রাত নয়টার দিকে জীবননগর শহরের নিজ বাসা থেকে বের হয়ে সোনারতরী পরিবহণ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তিনি শনিবার ভোরে ঢাকায় পরিবহণ থেকে নামার পর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা তাকে দিনভর খোঁজাখুজি করে কোন সন্ধান করতে না পেরে হতাশ হয়ে পড়েন। তারা তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ ঘটনার হাজী রমজান আলীর স্ত্রী 'আকলিমা প্রি-ক্যাডেট স্কুল'র অধ্যক্ষ রাজিয়া সুলতানা রেখা গত শনিবার রাতে জীবননগর থানায় একটি সাধারণ ডাইরি( জিডি নং-৬০৪) করেন।

এ অবস্থায় আজ বিকালে পরিবারের সদস্যরা জানতে পারেন তার লাশ ঢাকা শের-ই বাংলানগর পাসপোর্ট অফিস সংলগ্ন স্থান থেকে পুলিশ উদ্ধার করেছেন। ঢাকা শহরে থাকা তার আত্মীয়-স্বজন লাশ সনাক্ত করেন। পরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের পুলিশ হস্তান্তর করেন।

নিহত রমজান আলীর স্ত্রী রাজিয়া সুলতানা রেখা জানান, তার স্বামীকে ছিনতাইকারী কিংবা মলম পার্টির সদস্যরা হত্যা করেছে ঠিক না। তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার অভিযোগ হাজী রমজান আলী ও তার ভাই হাজী মোতালেব হোসেনের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হাজী রমজান আলী গত শুক্রবার ঢাকায় যাওয়ার আগেও তার ভাই হাজী মোতালেবের সাথে জমি জায়গা নিয়ে বাকবিতন্ডা হয়। আমার বিশ্বাস তারা পরিকল্পনা করে তাকে হত্যা করেছে।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী রমজান আলী নিখোঁজ হওয়ার ব্যাপার তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ঘটনাটি ঢাকা শহরে সংঘটিত হওয়ায় এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাড়ীতে এসে পৌছ্য়ানি।নয়া দিগন্ত

ইআর