মিয়ানমারে মুসলিমদের উপর বর্বর গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদের নেতৃত্বে খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্র শাপলা চত্তর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের ভাঙ্গাব্রিজ এলাকা প্রদক্ষিণ করে শাপলা চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা মিয়ানমারে চলমান মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানান। একই সাথে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান বক্তারা।
শান্তিতে নোবেল জয়ী অং সাং সুচির কঠোর সমালোচনা করে বক্তারা আরো বলেন, শান্তিতে নোবেল জয়ী সুচির দেশেই আজ মুসলিম গণহত্যা চলছে, অথচ সূচি এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেনা। অবিলম্বে সুচির নোবেল বাতিল করার দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পীর সাহেব চর্মোনাই এর নির্দেশে দরকার হলে নাফ নদী সাতরিয়ে মিয়ানমারের মুসলিমদের উদ্ধার করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
একই সাথে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মিয়ানমার অভিমূখে ইসলামী আন্দোলন ঘোষিত লংমার্চ সফল করার জন্য উদাত্ত আহবান জানানো হয়।
ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ,ছাত্র আন্দোলন,যুব আন্দোলন,শ্রমিক আন্দোলন ও মুজাহিদ কমিটির জেলা,উপজেলা,থানা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি আল আমিন হোসেন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল জব্বার গাজী, সেক্রেটারি হাফেজ জামাল মৃধা, যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম,ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ,আজিজুল্লাহ রামগড়ী প্রমুখ।
গুইমারায় মানববন্ধন
মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় মানববন্ধন করেছে গুইমারা উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার বাদ জুমা জালিয়াপাড়া চৌরাস্তার মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলমানদের উপর যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায়না। অবিলম্বে চলমান গণহত্যা বন্ধ করতে হবে।
বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি এসকল গণহত্যা নির্যাতন বন্ধ না হয়, তবে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে এ ধরণের পৈশাসিক কর্মকান্ড প্রতিহত করতে বাধ্য হবে।
বক্তারা হতাশা ব্যক্ত করে বলেন, চলমান গণহত্যার পরও শান্তিতে নোবেল জয়ী অং সাং সূচির নিরবতা অত্যন্ত দু:খ জনক। অবিলম্বে অং সাং সূচির নোবেল বাতিল করতে হবে।
গণহত্যার সুষ্ঠ বিচার দাবি করে বক্তারা আরো বলেন,শুধুমাত্র হত্যা নির্যাতন বন্ধ করলেই হবেনা,বরং হত্যা নির্যাতন বন্ধের পাশা-পাশি অান্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারে মুসলিম হত্যার সুষ্ঠ বিচার করতে হবে।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন, জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ আবু নোমান,ইউপি সদস্য আইয়ুব মেম্বার,গুইমারা মাদ্রাসার সুপার মাওলানা যায়নুল আবেদিন, মাওলানা জামাল উদ্দিন,আব্দুল লতিফ,ডাক্তার নুরুন নবী প্রমুখ।
আবু বকর/জারিফ





