ছোট খাটো কোনও সমস্যা হলে নিজ নিজ বাহিনীর প্রধানদের মাধ্যমে নিষ্পত্তি করবেন। কোনও বিচ্যুতি হলে কাউকে ছাড়বো না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নুরুল হুদা বলেন, ‘আমি চাই না, নির্বাচনে কোনো রকম অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি নির্বাচন কমিশন পর্যন্ত গড়াক। আমাদের পর্যন্ত যদি আসে, তাহলে তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কার কার কোন কোন অবস্থায় কার কতটুকু বিচ্যুতি রয়েছে, তা বের করব। কঠিনভাবে আপনারা দায়িত্ব পালন করবেন। আমরাও কঠোর অবস্থানে থাকব অত্যন্ত গুরুত্ব দিয়ে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে বারবার অভিযোগ আসে এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয় না। অথবা ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। তবে এজেন্টদের বাড়ি থেকে এনে ভোটকেন্দ্রে প্রবেশ করিয়ে দেয়ার দায়িত্ব আমরা নিতে পারি না।’

ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার বিষয়ে সিইসি বলেন, ‘গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সেই ঘটনার অভিযোগ পাওয়ার আগেই আমাদের রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সেখানে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছেন জানানোর জন্য। এরকম দ্রুত গতিতে আমরা ব্যবস্থা নিই।’

এএস