ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে ২টি ব্র্যান্ডের ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও মোটরসাইকেলসহ ফজলুর রহমান (৩৫) ও সোহেল (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার নতুন বাজার আয়মান নদীর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ব্যাটালিয়ান পুলিশের অধিনায়ক (পুলিশ সুপার) মুনিবুর রহমান জানান, গোপন সূত্রের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো: ইব্রাহীম ও পুলিশ পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়ন পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে আটক ও ১ লাখ টাকা মূল্যের ২টি ব্র্যান্ডের ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
আটককৃতদের মুক্তাগাছা থানায় হস্তান্তর পূর্বক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আটককৃতরা জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্ধুর বাসিন্দা।
এমএ





