গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন ৯ জন।

শুক্রবার দুপুরে উপজেলার বালীগাঁও নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতের মধ্যে হাবিবা নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার লোকমান হোসেনের ছেলে আবু তালেব (১৯), গিয়াস উদ্দিনের স্ত্রী হাবিবা (৫৫), মির্জাকান্দি গ্রামের রুপচাঁনের ছেলে শরীফ (২২), মোর্শেদের ছেলে মাসুম (২১), রায়পুরা সদরের জয়দেব আলীর ছেলে আবুল হোসেন (২০), পারাতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে ছালাম (২৮), পলাশ উপজেলার মালিয়া গ্রামের আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে আজিজুল হক ভূঁইয়া (৬০), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কফিল উদ্দিনের ছেলে হানিফ (৩৩) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রামের লোকমান আলীর ছেলে আবু তাহের।

প্রত্যেক্ষদর্শীরা জানান, ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে ছেড়েআসা ঢাকাগামী নিউ তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৩১৩৭) টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে দাঁড়ানো বালুবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৩-০২৬১) পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রাবাহী ওই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ৯ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাবিবার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পঙ্গু হাসপাতালে পাঠান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেসমিন আরা জানান, হাবিবার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে এবং ডান পায়ের বেশ কিছু মাংস থেতলে গেছে এবং ওই পা ভেঙ্গে গেছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এমএম