মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদকে হত্যার প্রতিবাদে আগামী রোববার মিরসরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল শনিবার উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভে সমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এ ঘোষণা দেন।

এদিকে, আদিল মাহমুদকে খুনের ঘটনায় নিহতের বাবা মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া।

তিনি বলেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।  দোষীদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

গত  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার শাহেরখালি ইউনিয়নের ভোরের বাজার এলাকায় আদিল মাহমুদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন।

এমআর