নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

সোমবার সন্ধ্যায় শহরের ডিআইটি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নগর বিএনপি ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

রাজধানীর বিজয়নগর বধির মার্কেটের দোকান জোরপূর্বক দখল নেয়ার মামলায় সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। মেহেরবা প্লাজার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

এদিকে তৈমুর আলমকে গ্রেফতারের পর থেকেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বাড়তি সতর্কতা অবলম্বন করে পুলিশ প্রশাসন। শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সন্ধ্যায় শহরের ডিআইটি রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নগর বিএনপি ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মৃদু ধস্তাধস্তির ঘটনা ঘটলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি সুরুজ্জামান, হাজী শাহীন, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, ফারুক হোসেন, বিল্লাল হোসেন, রানা মুজিব প্রমুখ।

এদিকে তৈমুরকে গ্রেফতারের প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি হাতে নিচ্ছে জেলা বিএনপি। নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে নারায়ণগঞ্জে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই