রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর সংবাদ শুনে প্রেমিকা আত্মহত্যা করেছে।

শুক্রবার দুপুরে মাত্র আধা ঘণ্টার মধ্যে এ জুটির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত প্রেমিকের নাম তুর্য হোসেন (১৫)। তুর্য নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেহের হোসেন সুজার ছেলে।

এরপর প্রেমিকের মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করে প্রেমিকা কেয়া খাতুন (১৫)। কেয়া পাশের ডাশমারি এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কেয়া। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তুর্য মোটরসাইকেলে বিনোদপুর বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় ইটবাহী একটি ট্রলির ধাক্কায় সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে তুর্য মারা যায়। তুর্য ও কেয়া ডাশমারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী।

এসএইচ